আজ বিশ্বমঞ্চে ভাষণ দেবেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১১:৪৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 13
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া এই ভাষণ তিনি বাংলায় দেবেন বলে জানিয়েছে সরকারি ও কূটনৈতিক সূত্র।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছেন।
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহি, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রোহিঙ্গা সংকট, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়ও উঠে আসার কথা রয়েছে।
জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগেও গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং বিশ্বব্যাংকের সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তিনি।
রোহিঙ্গা সংকট নিয়েও জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের আয়োজনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। বুধবার রোহিঙ্গা সংকটবিষয়ক একটি সাইড ইভেন্টে তিনি মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানানোর কর্মসূচিতে অংশ নেন।
এর আগে জলবায়ু পরিবর্তনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকেও বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন তিনি। সেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতির অর্থায়ন ও জলবায়ু ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
আজকের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বক্তব্য অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য; ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।


































