হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
- সর্বশেষ আপডেট ০১:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 9
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৫ আগস্ট মামলাটির রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। তিনি জানান, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মেডিকেল রিপোর্টসহ পর্যাপ্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
আছিয়ার মৃত্যুর ঘটনায় তার বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় আছিয়ার বড় বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন।
এ ছাড়া মামলায় হিটু শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারিক কার্যক্রম শেষে ২০২৫ সালের ১৭ মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
একই রায়ে মামলার অপর তিন আসামি; আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
পরে বিচারিক আদালতের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হিটু শেখ আপিল করেন। শুনানি শেষে আজ হাইকোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখলেন।































