শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- সর্বশেষ আপডেট ০৮:০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 14
সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে তরুণ প্রজন্মকে সৎ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন।
সোমবার সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করে শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শিক্ষার্থীদের মধ্যে সততার অভ্যাস গড়ে তোলাই ছিল পুরো কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুর রহিম, দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহা, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর মিয়া, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষাজীবন থেকেই দুর্নীতিবিরোধী মানসিকতা তৈরি না হলে ভবিষ্যতে সমাজে নৈতিক অবক্ষয় রোধ করা কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা ও দায়িত্ববোধের চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।


































