মেসির বিরুদ্ধে প্রতারণার মামলা
- সর্বশেষ আপডেট ১২:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 46
আসন্ন বিশ্বকাপের ডামাডোলের মাঝেই এক অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করেছে মায়ামিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘ভিআইডি’।
বুধবার (১৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত।
ভিআইডি নামক প্রতিষ্ঠানটি প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে এই ম্যাচ দুটির একক স্বত্ব কিনে নিয়েছিল। চুক্তির প্রধান শর্ত ছিল, যদি কোনো চোট না থাকে তবে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে।
তবে ভিআইডির দাবি, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি এক মুহূর্তের জন্যও মাঠে নামেননি, বরং গ্যালারিতে বসে খেলা দেখেছেন। অথচ হার্ড রক স্টেডিয়ামে মেসির পরিবারের জন্য যে বিশেষ সুইট বরাদ্দ করা হয়েছিল, তার খরচও বহন করেছিল এই আয়োজক প্রতিষ্ঠান।
ভিআইডির এই অভিযোগ আরও জোরালো হয়েছে একটি বিশেষ ঘটনার কারণে। ভেনেজুয়েলার বিপক্ষে জাতীয় দলের হয়ে না নামলেও এর ঠিক পরদিনই ক্লাব ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি এবং জোড়া গোল করেন।
আয়োজকদের মতে, এটি স্পষ্টতই প্রমাণ করে- মেসি খেলার মতো শারীরিক অবস্থায় ছিলেন এবং কোনো বিশেষ কারণে ইচ্ছাকৃতভাবেই প্রীতি ম্যাচটি এড়িয়ে গেছেন, যা সরাসরি চুক্তি লঙ্ঘন।

































