বাংলাদেশে নিখোঁজ শিশু উদ্ধারে ফেসবুকের ‘মুন অ্যালার্ট’ চালু
- সর্বশেষ আপডেট ০৮:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 19
বাংলাদেশে নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করতে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ‘মুন অ্যালার্ট’ চালু হয়েছে। ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে নির্দিষ্ট এলাকার মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছে দিয়ে শিশু উদ্ধারে জনসম্পৃক্ততা বাড়ানোই এই সেবার মূল লক্ষ্য।
ফেসবুক বা মেসেঞ্জার খুলতেই অনেক ব্যবহারকারী সম্প্রতি ‘আপনার এলাকায় নিখোঁজ শিশুকে খুঁজুন’ শিরোনামের একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। অনেকের কাছে এটি নতুন বা অস্বাভাবিক মনে হলেও, এটি কোনো প্রতারণামূলক বার্তা নয়। বরং নিখোঁজ শিশুদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে চালু হওয়া ‘মুন অ্যালার্ট’ নামের একটি বিশেষ সতর্কতা ব্যবস্থা।
চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ উদ্যোগের মাধ্যমে কোনো শিশু নিখোঁজ হওয়ার তথ্য যাচাইয়ের পর তার ছবি, পরিচয় ও সর্বশেষ অবস্থানের তথ্য নির্দিষ্ট এলাকার ফেসবুক ব্যবহারকারীদের কাছে পাঠানো হয়।
প্রক্রিয়াটি কয়েকটি ধাপে পরিচালিত হয়। প্রথমে পরিবার বা স্বজনরা নিখোঁজের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। এরপর তথ্য যাচাই করে একটি সতর্কবার্তা তৈরি করা হয়। পরে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে সেই বার্তা ঘটনাস্থল ও আশপাশের এলাকার ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, নিখোঁজ হওয়ার পরের প্রথম কয়েক ঘণ্টা উদ্ধার অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাওয়ায় তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষের সহযোগিতা পাওয়ার সুযোগ বাড়ে।
বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। বাংলাদেশে ‘মুন অ্যালার্ট’ সেই ধারণার স্থানীয় সংস্করণ হিসেবে কাজ করছে। যদিও এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবু শিশু উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করতে এর সম্ভাবনা উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

































