পাঁচ দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে ১১ দলের স্মারকলিপি
- সর্বশেষ আপডেট ০৪:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 102
তীব্র গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং শিক্ষাঙ্গনের অস্থিরতার প্রতিবাদে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন শেষে সংগঠনের নেতারা অতিরিক্ত জেলা প্রশাসক লিটুস লরেন্স চিরানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বলা হয়, গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি ভুতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা, সন্ত্রাস ও ক্যাম্পাস দখলের অভিযোগ তুলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
১১ দলীয় ঐক্যের নেতারা গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, লোডশেডিং কমানো, বিদ্যুতের মূল্য ও ভুতুড়ে বিল নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, মাওলানা শাহাদাত হোসাইন, যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহিম মজুমদার, প্রচার সম্পাদক আসাদুজ্জামান জীম, জেলা কর্মপরিষদ সদস্য কাজী বেলাল, অ্যাডভোকেট আতাউর রহমান, সাভার থানা আমীর আব্দুল কাদের, ধামরাই থানা আমীর মাওলানা আব্দুল হালিম, পৌর আমীর মাওলানা শামসুল আলম, নবাবগঞ্জ থানা আমীর অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, দোহার পৌর আমীর সাখাওয়াত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





























