জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: মন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 64
সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করেই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ প্রয়োজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিমসহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই জাতি ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। এ কারণে ১৬ জুলাই দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণেও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পথ দেখাবে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে আহমেদ আযম খান বলেন, জুলাই শুধু একটি সময়ের নাম নয়, এটি জাতির চেতনা। আবু সাইদ, ওয়াসিম আকরামসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে পুরো জাতি গণঅভ্যুত্থানে শামিল হয়েছিল। সেই আন্দোলনের ফলেই ফ্যাসিবাদের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়।





























