প্রেমের টানে চীন থেকে সখীপুরে, ফিরে গেলেন তরুণ
- সর্বশেষ আপডেট ০৮:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 10
অনলাইনে পরিচয় থেকে প্রেম। সেই সম্পর্কের টানে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে ছুটে এসেছিলেন দং লিয়াং নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে সখীপুরের ২৫ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও পরিবারের আপত্তি ও প্রতারণার আশঙ্কায় শেষ পর্যন্ত তাকে চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে সখীপুর বাজারে পৌঁছান দং লিয়াং। খবর পেয়ে ওই তরুণী বাজারে গিয়ে তাকে স্বাগত জানান এবং বাড়িতে নিয়ে আসেন। বিদেশি যুবক আসার খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে ওই বাড়িতে স্থানীয় লোকজন ভিড় করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে একটি অ্যাপের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে দং লিয়াংয়ের পরিচয় হয়। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই বাংলাদেশে আসেন তিনি।
তবে বিষয়টি জানাজানি হওয়ার পর তরুণীর পরিবার ও স্থানীয়দের মধ্যে প্রতারণার আশঙ্কা তৈরি হয়। পরে থানায় বিষয়টি জানানো হলে স্থানীয়দের মধ্যস্থতায় রাতেই একটি গাড়িতে করে দং লিয়াংকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়।
তরুণীর নানা জানান, দং লিয়াংয়ের ভিসার মেয়াদ আর মাত্র নয় দিন রয়েছে। এত অল্প সময়ে বিয়ে করে নাতনিকে চীনে নিয়ে যাওয়া সম্ভব নয়। এ ছাড়া ভিনদেশি নাগরিক পরিচয়ে প্রতারণা ও মানব পাচারের বিভিন্ন ঘটনার কারণে পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়ে। তাই তাকে চীনে ফিরে গিয়ে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও ভিসার ব্যবস্থা করে পুনরায় আসতে বলা হয়েছে। এরপর বিয়ের বিষয়টি বিবেচনা করা হবে।
তবে দং লিয়াংয়ের দাবি, ভিসার মেয়াদ বাড়িয়ে খুব শিগগির তিনি আবার বাংলাদেশে ফিরবেন এবং ধর্মীয় রীতি মেনে ওই তরুণীকে বিয়ে করবেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, তরুণী যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে পরিবার ও স্থানীয়রা সতর্ক ছিলেন। পরে আলোচনা করে মধ্যরাতে দং লিয়াংকে নিরাপদে চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি স্থানীয়রা থানাকেও অবহিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
































