মাহমুদুর রহমান মান্না
ছয় মাসের ‘হানিমুন পিরিয়ড’ ছয় বছর ধরে চলতে পারে না
- সর্বশেষ আপডেট ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 10
সরকার ছয় মাসেও জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ছয় মাসের ‘হানিমুন পিরিয়ড’ ছয় বছর ধরে চলতে পারে না। এখন সরকারের কাজের সমালোচনা শুরু হবে।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মিরপুরে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, সরকার সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের কথা বলেছিল। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও সংকটের সমাধান হয়নি। বরং একের পর এক নতুন সমস্যা তৈরি হচ্ছে। সরকারের কোনো উদ্যোগেই কার্যকর ফল দেখা যাচ্ছে না।
তিনি বলেন, ‘ছয় মাস চলে গেছে, এখন সবাই কথা বলবে, সমালোচনা করবে। ছয় মাসে একটি শিশু হামাগুড়ি দিয়ে দাঁড়াতে শেখে। অথচ সরকার যদি নড়তেই না পারে, তাহলে পাঁচ বছর কীভাবে পার করবে?’
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কি না; এমন প্রশ্ন তুলে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, শুধু কথা বলার সুযোগ থাকাই গণতন্ত্রের পূর্ণ চিত্র নয়। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার অভিযোগ, বিভিন্ন টেলিভিশন চ্যানেল রাজনৈতিক প্রভাবের মধ্যে রয়েছে এবং অনেক গণমাধ্যম শঙ্কার কারণে স্বাধীনভাবে কথা বলতে পারছে না।
উন্নয়ন প্রসঙ্গে মান্না বলেন, বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণই উন্নয়নের একমাত্র মানদণ্ড নয়। মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য কমানোই প্রকৃত উন্নয়ন। ৩১ দফা রূপরেখায় ২০৩১ সালের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হলেও ছয় মাসে তার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে একটি সুস্পষ্ট রূপরেখা দেওয়ার দাবি জানান মান্না। তিনি বলেন, সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারের প্রতি জনগণের আস্থা কমতে থাকবে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রতিটি বাসাবাড়িতে সরকারি উদ্যোগে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাবও দেন তিনি। একই সঙ্গে ঘুষ ও দুর্নীতি বন্ধের ওপর জোর দিয়ে মান্না বলেন, জনগণের অর্থ সংকটের মধ্যে দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সভায় বৃহত্তর মিরপুর এলাকায় নাগরিক ঐক্যের কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্যের একটি সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।




























