চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৩:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 27
চট্টগ্রাম নগরের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আল আমিন সরদার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে পুলিশে যোগ দেওয়া আল আমিন মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার আবদুল হক সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সোয়া ৬টার দিকে ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আল আমিন। এ সময় ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টা করার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় চেকপোস্টে থাকা অন্য পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ এবং চালককে আটক করেন। পরে বাসচালক মোশাররফ (৩৮) ও বাসের স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, দায়িত্ব পালনকালে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় কনস্টেবল আল আমিন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।






























