গুলশান পার্কের চুক্তি নিয়ে হাইকোর্টের রুল
- সর্বশেষ আপডেট ০৫:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 32
রাজধানীর গুলশান সেন্টার পার্কের ব্যবস্থাপনার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে করা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে চুক্তির আওতায় পার্ক ও মাঠ ব্যবহারের জন্য অর্থ আদায় এবং সেখানে বেআইনি স্থাপনা নির্মাণের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
রিট আবেদনে বলা হয়, রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে করা সমঝোতা চুক্তির মাধ্যমে পার্ক ও মাঠ ব্যবহারের জন্য নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। এটি মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ-সংক্রান্ত আইনের পরিপন্থী।
আবেদনে আরও বলা হয়, গুলশান ইয়ুথ ক্লাব মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ-সংক্রান্ত আইন এবং আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে।
শুনানি শেষে আদালত মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে নির্মিত বেআইনি স্থাপনাগুলো চিহ্নিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারি করেন।
রিটে গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, বাংলাদেশ পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়েছে।
পরিবেশবিদ ড. আদিল মুহাম্মদ খান, ফিরোজ আহমেদ, আমিরুল রাজিব ও সৈয়দা শাহীন মাহবুবের পক্ষে রিটের শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ব্যারিস্টার নিশাত মাহমুদ ও মুহাম্মদ আওলাদ হোসেন।
আদালত সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
































