কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রামে আটক ১
- সর্বশেষ আপডেট ০৪:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 72
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত সুমনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনো তাজমিনের মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল।
নিহত তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। পরিবারের সঙ্গে সে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত। নগরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
গত ৪ অক্টোবর বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাজমিন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের চার দিন পর ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্ত শেষে গতকাল স্বজনেরা তাজমিনের মরদেহ বাড়িতে নিয়ে যান। এর আগে রাতে লালমাই থানায় মেয়েকে হত্যার অভিযোগে মামলা করেন তার বাবা আবদুল আলীম।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি তাজমিনের মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।





























