পাকিস্তানের ভূখণ্ড ব্যবহারের নীতিগত অনুমতি পেল ইরান
- সর্বশেষ আপডেট ০৬:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 77
আঞ্চলিক বাণিজ্য কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে ইরানকে ট্রানজিট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। নতুন এই নীতির ফলে তৃতীয় দেশ থেকে আসা পণ্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সড়কপথে সরাসরি ইরানের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ‘পাকিস্তান থ্রু ট্রানজিট ট্রেড টু ইরান অর্ডার, ২০২৬’ অবিলম্বে কার্যকর হয়েছে। এ ব্যবস্থাকে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য প্রবাহ বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বিশেষ করে বেলুচিস্তান অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে।
সরকার এই উদ্যোগ বাস্তবায়নে ১৯৫০ সালের আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ আইনে সংশোধন এনে একটি আইনি কাঠামো তৈরি করেছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, পাকিস্তানের বাইরে উৎপন্ন পণ্য শুধু ট্রানজিটের উদ্দেশ্যে দেশটির ভূখণ্ড ব্যবহার করতে পারবে।
এই ট্রানজিট ব্যবস্থায় করাচি, পোর্ট কাসিম ও গোয়াদরকে প্রধান প্রবেশদ্বার হিসেবে রাখা হয়েছে। সেখান থেকে বিভিন্ন স্থল ও উপকূলীয় করিডোর হয়ে বেলুচিস্তানের সীমান্তপথে ইরানে পণ্য পরিবহন করা হবে। লজিস্টিক খাতে যুক্তরা মনে করছেন, এই রুটগুলো আঞ্চলিক বাণিজ্যে নতুন সংযোগ তৈরি করতে পারে।
পুরো পরিবহন প্রক্রিয়া কাস্টমস আইন ও ফেডারেল বোর্ড অব রেভিনিউর (এফবিআর) নিয়ম অনুযায়ী পরিচালিত হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে নজরদারি ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে বলেও উল্লেখ করা হয়।






























