অবরোধে অচল সাজেক, বাতিল হচ্ছে বুকিং

- সর্বশেষ আপডেট ০৮:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 201
অবরোধ ও সংঘর্ষের জেরে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বন্ধ রয়েছে যান চলাচল ও স্থানীয় দোকানপাট। নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা থাকায় দুর্গাপূজার ছুটিতে সাজেকের রিসোর্ট ও কটেজের বুকিং বাতিল করছেন পর্যটকেরা। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে দীঘিনালা-সাজেক সড়কে কোনো যানবাহন চলাচল করেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার উজোবাজার এলাকায় সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে দোকানপাটও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল চলছে।
অবরোধের কারণে বুধবার সন্ধ্যা থেকে সাজেকে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করে রাঙামাটি জেলা প্রশাসন। এতে দুর্গাপূজার ছুটিকে ঘিরে আগে থেকে বুকিং দেওয়া হোটেল, রিসোর্ট ও কটেজের কক্ষ বাতিল হতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও বুকিং বাতিল হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, তাঁদের অবরোধ অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে সাজেক সড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করা হয়েছে।
সাজেক রুইলুই হলিডে রিসোর্টের ব্যবস্থাপক রাশু চাকমা জানান, দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে ২৫ অক্টোবর পর্যন্ত তাঁদের রিসোর্টের সব কক্ষ বুকিং ছিল। তবে বৃহস্পতিবারের অবরোধ ও সংঘর্ষের পর শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ৬০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে অবশিষ্ট বুকিংও বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, অনেক রিসোর্ট ও কটেজে ৩০ অক্টোবর পর্যন্ত কক্ষ বুকিং ছিল। কিন্তু অবরোধের কারণে পর্যটকেরা বুকিং বাতিল করছেন। শুক্রবারও অনেক বুকিং বাতিল হয়েছে। এভাবে পর্যটকেরা আসতে না পারলে সাজেকের পর্যটন খাতে বড় ধরনের ক্ষতি হবে।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, উজোবাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল চলছে। তবে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে শনিবার ভোর থেকে আধাবেলা রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন। এতে দুই জেলার যোগাযোগব্যবস্থায় নতুন করে অচলাবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার সড়ক অবরোধের সময় সাজেক থেকে আসা পর্যটকবাহী গাড়ির বহর উজোবাজার এলাকায় আটকে দেন অবরোধকারীরা। পরে আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।

































