৮৫তম জন্মবার্ষিকী আজ
দেশপ্রেমের অনন্য প্রতীক বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

- সর্বশেষ আপডেট ০১:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 13
মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ রোববার (২৯ নভেম্বর)। ১৯৪১ সালের এই দিনে ঢাকার আগাসাদেক রোডে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বীরত্ব ও দেশপ্রেম আজও বাঙালি জাতিকে অনুপ্রাণিত করে।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নরসিংদীর রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় নির্মাণ করা হয়েছে ‘বাংলার ঈগল’ স্মারক ভাস্কর্য। তাঁর নামে সড়ক ও গ্রামের নামকরণও করা হয়েছে। এ ছাড়া ২০০৮ সালে তাঁর নিজ গ্রাম রামনগরে প্রতিষ্ঠা করা হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বর্তমানে গ্রামটির নাম বীরশ্রেষ্ঠ মতিউর নগর।
জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয়দের উদ্যোগে স্মারক ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ চলাকালে মতিউর রহমান ভৈরবে এসে মুক্তিকামী যুবকদের সংগঠিত করেন। পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত অবস্থায় একটি প্রশিক্ষণ বিমান নিয়ে দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পরিকল্পনা করেন তিনি। সেই পরিকল্পনা বাস্তবায়নে ১৯৭১ সালের ২০ আগস্ট করাচির মাসরুর বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণার্থী পাইলট রশিদ মিনহাজের কাছ থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রার চেষ্টা করেন। তবে পাকিস্তানের থাট্টা এলাকায় বিমানটি বিধ্বস্ত হলে শহীদ হন তিনি।
মতিউর রহমান ১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন। ১৯৬৩ সালে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভের পর বিভিন্ন দায়িত্ব পালন করেন। পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত একমাত্র বাঙালি পাইলট হিসেবে তিনি ইরানের রানি ফারাহ দিবার সম্মানে পেশোয়ারে আয়োজিত বিমান মহড়ায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।
শহীদ হওয়ার পর পাকিস্তানের করাচিতে তাঁকে সমাহিত করা হয়। দীর্ঘ ৩৫ বছর পর ২০০৬ সালের ২৪ জুন তাঁর দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পরদিন ২৫ জুন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে পুনরায় দাফন করা হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্বগাথা সমগ্র জাতির কাছে গৌরব ও অনুপ্রেরণার প্রতীক। দিবসটি পালনে উপজেলায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। রায়পুরার ‘বাংলার ঈগল’ স্মারকও নতুন প্রজন্মের কাছে তাঁর বীরত্ব ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দিচ্ছে।






























