মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক ডিবির হাতে আটক

- সর্বশেষ আপডেট ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 5
পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের পরিবারের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন মনিরুলের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই শ্যালক।
শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়েছে।
ডিবি প্রধানের দাবি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আসামি শায়লা ফারজানা। এ ছাড়া পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।
শায়লা ফারজানা ১৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
অন্যদিকে, মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি। সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

































