রায়পুরায় ১০০ অসহায় পরিবারের পাশে জাকাত ফাউন্ডেশন

- সর্বশেষ আপডেট ০১:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 56

নরসিংদীর রায়পুরায় সুবিধাবঞ্চিত ও অসহায় ১০০ পরিবারের মাঝে চাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা
নরসিংদীর রায়পুরায় সুবিধাবঞ্চিত ও অসহায় ১০০ পরিবারের মাঝে চাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে এ কর্মসূচি আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিণী, ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান খোকন, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি পদপ্রার্থী শবনম রুপাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কার্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আজিম উদ্দিন, প্রজেক্ট অফিসার মোহাম্মদ ফয়সল মন্ডল এবং ডকুমেন্টেশন অফিসার মোহাম্মদ নাইম জামাদ্দার।
প্রধান অতিথির বক্তব্যে জান্নাতুল হক শাপলা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। অর্থনৈতিক সংকটে থাকা পরিবারগুলোর খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।
আয়োজকেরা জানান, খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা পরিবারগুলোর দৈনন্দিন চাহিদা পূরণ এবং পারিবারিক ব্যয়ের চাপ কমানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। দারিদ্র্য বিমোচন ও ক্ষুধামুক্ত সমাজ গড়তেও এ ধরনের উদ্যোগ সহায়ক।
উল্লেখ্য, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা ২০০৭ সাল থেকে বাংলাদেশে খাদ্যনিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এতিম শিশুদের সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জরুরি মানবিক সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, অসহায় পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয়। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তাঁরা।






























