জন্মদিনে সুরের শুভেচ্ছায় ভাসছেন সাদিয়া লিজা

- সর্বশেষ আপডেট ১১:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 45
মিষ্টি কণ্ঠ আর মাটির গানের অপূর্ব গায়কীতে অগণিত শ্রোতার হৃদয় জয় করা সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাদিয়া লিজার জন্মদিন আজ (২৫ নভেম্বর)। বিশেষ এই দিনটিতে ভক্ত, অনুরাগী ও সংগীতাঙ্গনের সহকর্মীদের ভালোবাসা এবং সুরের শুভেচ্ছায় ভাসছেন এই প্রতিভাবান শিল্পী।
জন্মদিনের প্রথম প্রহর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মুঠোফোনে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন সাদিয়া লিজা। প্রিয় শিল্পীর বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ভক্তরা তার গাওয়া জনপ্রিয় গানগুলো শেয়ার করে জানাচ্ছেন ভালোবাসা ও আগামীর শুভকামনা।
লোকগীতি ও আধুনিক; দুই ঘরানার গানেই সমান পারদর্শী সাদিয়া লিজা। তবে ফোক বা মাটির গানে তার দরদভরা কণ্ঠের কারুকাজ শ্রোতাদের আলাদাভাবে বিমোহিত করে। তার কণ্ঠে ‘আজ পাশা খেলব রে শ্যাম’ গানটি ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
এছাড়াও ‘মন তোরে পারলাম না বুঝাইতে রে’, ‘তোরে বানাইয়া রাই বিনোদিনী’ এবং ‘দিনে দিনে খসিয়া পড়িবে’-সহ আরও বেশ কিছু গান শ্রোতামহলে দারুণ জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছে।
বর্তমানে নতুন মৌলিক গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই কণ্ঠশিল্পী। জন্মদিনের এই শুভক্ষণে সংগীতপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও সাদিয়া লিজা তার জাদুকরী কণ্ঠে বাংলা সংগীতাঙ্গনকে আরও সমৃদ্ধ করবেন।





































