খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

- সর্বশেষ আপডেট ১২:২৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 77
খুলনার দৌলতপুরে আব্দুল হালিম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁর মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
তবে কারা, কী উদ্দেশ্যে আব্দুল হালিমকে গুলি করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।































