ধারাবাহিক সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন

- সর্বশেষ আপডেট ০৭:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 15
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। এতে মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। প্রথম দিন ১৯টি, দ্বিতীয় দিন ১৮টি এবং শেষ দিন আরও ১৮টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের প্রস্তুত করা সূচি অনুযায়ী, ২৯ নভেম্বর প্রথম দিনের সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিএনপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
৩০ নভেম্বর দ্বিতীয় দিনের সংলাপে আমন্ত্রণ পেয়েছে গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।
১ ডিসেম্বর শেষ দিনের আলোচনায় অংশ নেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
ইসি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটি ছাড়া বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকে এবারের সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।
ইসি সচিব আখতার আহমেদ জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নির্বাচনের সামগ্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পৃথক বৈঠক করবে কমিশন।
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।
































