অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার পথে জামায়াত আমির

- সর্বশেষ আপডেট ০৪:২৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 16
অস্ট্রেলিয়া সফর শেষ করে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. শফিকুর রহমানকে বিদায় জানাতে বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন। এ সময় তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।
সফরকালে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একাধিক সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন জামায়াত আমির। এসব আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান ডা. শফিকুর রহমান। পরদিন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং শিবিরের সাবেক নেতাদের আয়োজনে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাসে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির।
এরপর ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে প্রবাসীদের আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
অস্ট্রেলিয়া সফরে ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।






























