জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু

- সর্বশেষ আপডেট ১২:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 79
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কার্যক্রম শুরু হয়। যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। দীর্ঘ শুনানি শেষে গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ২২ নভেম্বর আসামিপক্ষের একজন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব সম্পন্ন হয়।
মামলাটিতে একমাত্র আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। সেখান থেকেই ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি।
জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।
তৃতীয় অভিযোগে একই সময়ে বনদস্যু দমনের নামে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলা এলাকায় সুন্দরবনের বিভিন্ন স্থানে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এসব অভিযোগে করা মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।



































