পুলিশের দাবি: অপরাধ ছেলে যুবলীগ নেতা
তাহাজ্জুদে উঠে গ্রেপ্তার, এজাহারে নাম না থাকলেও কারাগারে বৃদ্ধ

- সর্বশেষ আপডেট ১১:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 137
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ৬৫ বছর বয়সী মো. মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাহাজ্জুদের নামাজ পড়তে ঘুম থেকে ওঠার পর বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। ওই মামলার এজাহারেও তার নাম নেই। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মতিউর রহমান ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তবে তার স্ত্রী দেলেরা বেগমের দাবি, শনিবার ভোর ৪টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠার পর পুলিশ বাড়িতে গিয়ে তাকে নিয়ে যায়।
আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে মতিউর রহমানকে আওয়ামী লীগের সক্রিয় ও বলিষ্ঠ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তার দাবি, একাধিক সূত্রের মাধ্যমে তার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার তথ্য পাওয়া গেছে। মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলেও সন্দেহ করছে পুলিশ।
মামলাটি ২০২৪ সালের ৫ আগস্ট ধামরাই বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা। মামলার বাদী একজন পিকআপচালক। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন আন্দোলনকারীদের ওপর হামলার একপর্যায়ে বাদীর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে মামলার এজাহারে মতিউর রহমানের নাম নেই। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন উল্লেখ করে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। জামিনে মুক্তি পেলে তিনি আত্মগোপন করতে পারেন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারেন বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মতিউরের স্ত্রী দেলেরা বেগমের দাবি, তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। সম্প্রতি ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি ঠিকমতো দাঁড়াতেও পারেন না। তার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন তিনি।
দেলেরা বেগম আরও বলেন, তাদের ছেলে ঢাকা জেলা যুবলীগের সদস্য। ২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে সে বাড়িতে নেই এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগও করে না। ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে পরিবারকে হামলা ও ভাঙচুরের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, মতিউর রহমানের ছেলে যুবলীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, মতিউর রহমান পুলিশের ‘রেড ব্লকে’ ছিলেন। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

































