বিস্ফোরক মামলায় কারাগারে যুবলীগ নেতা সোহাগ

- সর্বশেষ আপডেট ০৫:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 68
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে সোহাগকে আদালতে হাজির করা হয়। পরে সূত্রাপুর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন সোহাগের জামিনের বিরোধিতা করেন। তিনি আদালতে দাবি করেন, সোহাগের সঙ্গে বোমাবাজদের যোগাযোগ রয়েছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে এসে শোডাউন এবং পরে রাজধানীতে অগ্নিসংযোগ ও বোমাবাজির অভিযোগও করেন তিনি।
অন্যদিকে সোহাগের আইনজীবী তপু নাসরিন জামিন আবেদন করে বলেন, আদালত প্রাঙ্গণে বহিরাগতদের হামলা ও মারধরের শিকার হয়ে তাঁর মক্কেল পুলিশের হাতে আটক হন। মামলায় তাঁর নাম নেই এবং বিস্ফোরণের ঘটনায় কোনো সম্পৃক্ততাও নেই। যেকোনো শর্তে তাঁর জামিন প্রার্থনা করেন তিনি।
এ সময় বিচারক সোহাগের কাছে তাঁর জামিনের পক্ষে বক্তব্য জানতে চান। জবাবে সোহাগ বলেন, আদালতের সামনে ককটেল বিস্ফোরণ বা বোমা হামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার দিনও তিনি আদালতে আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিয়েছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে জামিন চান।
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে সাবেক মেয়র সাঈদ খোকনের পক্ষে শুনানি করতে গেলে সোহাগকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে পুলিশের ভাষ্য, উত্তেজিত জনতা সোহাগসহ তিনজনকে আটক করে। পরে রাত সাড়ে ১০টার দিকে সরকারি কবি নজরুল কলেজের সামনে থেকে তাঁদের হেফাজতে নেয় পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিস্ফোরণের পর মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান।
এ ঘটনায় ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করে।
































