এডেন দখলের পথে হুতিরা, বাড়ছে যুদ্ধের শঙ্কা

- সর্বশেষ আপডেট ০৬:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 108
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। এসব হামলায় হুতিদের ১৭৩ যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুতিদের ভূখণ্ডগত অগ্রযাত্রার মধ্যে সরকারি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। তবুও এডেন অভিমুখে হুতিদের অগ্রযাত্রার গতি ঠেকানো যাচ্ছে না। এ নিয়ে চরম দুশ্চিন্তা বিরাজ করছে সরকারি সেনাবাহিনীর শিবিরে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
তিনি জানান, হামলাগুলোর মধ্যে ছিল ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামানের গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, এসব অভিযানে হুতিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তাদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং সামরিক দুর্গও হামলার লক্ষ্যবস্তু ছিল।
তিনি আরও জানান, সরকারি বাহিনী ও পপুলার রেজিস্ট্যান্সের যোদ্ধারা তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের সামরিক তৎপরতা মোকাবিলা করছেন। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনেও অভিযান চলছে।
সূত্র: আল জাজিরা































