লন্ডনে নাহিদের ওপর হামলার নিন্দা জানালেন দুলু

- সর্বশেষ আপডেট ০৩:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 68
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর লন্ডনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ৫ আগস্ট যেভাবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের উৎখাত করেছে, একইভাবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে নিষিদ্ধঘোষিত ও ষড়যন্ত্রকারী শক্তিকে প্রতিহত করতে হবে। দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, পটকা ফুটিয়ে কিংবা গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেও কোনো লাভ হবে না।
বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আগের সরকারের আমলে আলেম-ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতন করা হয়েছে। নাটক-সিনেমায় নেতিবাচকভাবে উপস্থাপন করে তাঁদের হেয় করার চেষ্টা হয়েছে। এসব নিপীড়ন উপেক্ষা করেও আলেম-ওলামা ও সাধারণ মানুষ রাজপথে ছিলেন। তাঁদের অংশগ্রহণে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট সরকারের পতন ঘটে।
বর্তমান সরকারের গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণ পাঁচ বছরের জন্য সরকারকে ম্যান্ডেট দিয়েছে। মেয়াদ শেষে আবার নির্বাচন হবে। জনগণ যাদের ভোট দেবে, তারাই ক্ষমতায় আসবে। জোর করে ক্ষমতায় থাকার সংস্কৃতি শেষ হয়েছে।
নিকাহ্ রেজিস্ট্রারদের পেশাগত দাবি ও সমস্যার বিষয়ে তিনি বলেন, কাজীরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের বিভিন্ন দাবি ও কর্মসংস্থানের বিষয় নিয়ে ইতিমধ্যে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। কাজীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন দুলু। প্রয়োজনে তাঁদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
সংগঠনের সভাপতি প্রিন্সিপাল শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে এবং কো-চেয়ারম্যান কাজী মাওলানা মো. সেলিম রেজার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার। এতে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের নেতারা এবং বিপুলসংখ্যক নিকাহ্ রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।































