প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে নিরব আওয়ামী লীগ

- সর্বশেষ আপডেট ১২:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 249
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অবিস্মরণীয় নাম মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। কালের পরিক্রমায় সেই দলই পরিচিতি পায় বাংলাদেশ আওয়ামী লীগ নামে। অথচ মঙ্গলবার (১৭ নভেম্বর) দলটির প্রতিষ্ঠাতা সভাপতির ৫০তম মৃত্যুবার্ষিকীতেও তাঁর স্মরণে কোনো কর্মসূচি পালন করেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমনকি দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়নি কোনো শোকবার্তা বা বিবৃতি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রয়েছে দলটি। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরতে নিয়মিত বক্তব্য, বিবৃতি ও প্রচার চালানো হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠাতা সভাপতির ৫০তম মৃত্যুবার্ষিকীতে দলটির আনুষ্ঠানিক ফেসবুক পেজ, এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট কিংবা ওয়েবসাইটে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো স্মরণবার্তা পাওয়া যায়নি।
শুধু দলীয় প্ল্যাটফর্ম নয়, আওয়ামী লীগের শীর্ষ ও প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় একই নীরবতা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভেরিফায়েড ফেসবুক পেজ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাসানীকে স্মরণ করে কোনো বার্তা প্রকাশ করা হয়নি।
কাগমারী সম্মেলনের পর থেকেই দূরত্ব
আওয়ামী লীগের রাজনীতিতে মওলানা ভাসানীকে উপেক্ষা কিংবা আড়াল করার প্রবণতা নতুন নয়। রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদদের মতে, ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনের পর থেকেই এই দূরত্বের সূচনা। ওই সম্মেলনের পর আওয়ামী লীগ ছেড়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন ভাসানী। পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা, অনশন এবং ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের নেতৃত্ব তাঁকে আওয়ামী লীগের মূলধারার রাজনীতি থেকে আরও দূরে সরিয়ে দেয়। ভারতের আধিপত্যবাদবিরোধী অবস্থানও এই রাজনৈতিক দূরত্বের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।
বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ক্ষমতায় থাকার সময়ে ভাসানীসহ দলের প্রতিষ্ঠাকালীন নেতাদের অবদান ক্রমেই আড়ালে চলে যায়। দলীয় ইতিহাস ও রাষ্ট্রীয় প্রচারণায় একক নেতৃত্বের বন্দনা প্রাধান্য পাওয়ায় মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শামসুল হকের মতো প্রতিষ্ঠাতাদের অবদান যথাযথ গুরুত্ব পায়নি। এমনকি দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভিন্ন জাতীয় দিবসের আয়োজনেও তাঁদের স্মরণ করা হতো তুলনামূলকভাবে কম।
বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু ছিলেন ভাসানী
ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে মওলানা ভাসানীর প্রভাব ও ভূমিকা। ভাসানী আওয়ামী লীগের সভাপতি থাকাকালে শেখ মুজিবুর রহমান ছিলেন দলটির সাধারণ সম্পাদক। রাজনৈতিক মতপার্থক্যের কারণে পরবর্তী সময়ে ভাসানী আওয়ামী লীগ ছেড়ে ন্যাপ গঠন করলেও বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় ছিল।
স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে ভাসানী বঙ্গবন্ধু সরকারের কঠোর সমালোচনা করেছেন এবং আন্দোলনও করেছেন। তবে বঙ্গবন্ধু কখনো প্রবীণ এই নেতার প্রতি অসম্মান প্রদর্শন করেননি বলে ইতিহাসবিদদের বিভিন্ন বিবরণে উঠে এসেছে। বরং তাঁর অসুস্থতা ও ব্যক্তিগত প্রয়োজনের খোঁজখবর রাখতেন বঙ্গবন্ধু। ভাসানীর চিকিৎসা ও ব্যক্তিগত ব্যয় নির্বাহে তিনি ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দিতেন বলেও বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। ১৯৭৪ সালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে বঙ্গবন্ধু তাঁকে দেখতে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাল বিভিন্ন দল-সংগঠন
আওয়ামী লীগের নীরবতার বিপরীতে মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনও নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যে নেতার হাত ধরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা, যিনি দলটির প্রথম সভাপতি ছিলেন এবং যাঁর প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও শ্রদ্ধাশীল ছিলেন, তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকীতে দলটির এমন নীরবতা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তাঁদের মতে, এটি আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের রাজনৈতিক ইতিহাস চর্চা ও দলীয় ঐতিহ্য সংরক্ষণের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি। তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।































