মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৫৬৮ চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল

- সর্বশেষ আপডেট ০৮:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 117
সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আগামী ডিসেম্বরের আগে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চায় সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। ডিসেম্বরের আগেই নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে। এক-দুই দিন দেরি হলেও প্রক্রিয়া ডিসেম্বরের আগেই শুরু করার লক্ষ্য রয়েছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানান তিনি।































