কারওয়ানবাজারে ৭৪ নারী ক্ষুদ্র উদ্যোক্তার ওপর জরিপ

- সর্বশেষ আপডেট ০৯:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 184
রাজধানীর কারওয়ানবাজারে নারী ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করা এবং তাঁদের নেতৃত্ব ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। একই সঙ্গে নারী ব্যবসায়ীদের সঙ্গে বাজার ব্যবস্থাপনা কমিটির যোগাযোগ ও সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সম্মেলন কক্ষে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের (সিডব্লিউসিএস) আয়োজনে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ‘বাধা অতিক্রম: বাজারে ব্যবসারত নারীদের নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিডব্লিউসিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইশরাত শামীম স্বাগত বক্তব্য দেন। প্রধান অতিথি ছিলেন কারওয়ানবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিডব্লিউসিসিআই) ফেম প্রকল্প সমন্বয়ক মো. নাসির উদ্দিন, অর্থ ব্যবস্থাপক জুলকার নাইন, সিডব্লিউসিএসের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ও রীতা ভৌমিক এবং কারওয়ানবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন খান। সমাপনী বক্তব্য দেন সিডব্লিউসিএসের নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়ক খাদিজা বেগম।
অনুষ্ঠানে কারওয়ানবাজারের ৭৪ নারী ক্ষুদ্র উদ্যোক্তার ওপর চলতি বছরের একটি বেসলাইন জরিপের ফলাফল তুলে ধরেন প্রকল্প সমন্বয়ক খাদিজা বেগম। জরিপ অনুযায়ী, তাঁদের মধ্যে ৮২ দশমিক ৯ শতাংশ সবজি বিক্রেতা, ৫ দশমিক ৭ শতাংশ সবজি, চা, পান ও সিগারেট বিক্রি করেন। এ ছাড়া ৪ দশমিক ৩ শতাংশ মাছ, ৪ দশমিক ৩ শতাংশ কাপড়, ১ দশমিক ৪ শতাংশ রুটি এবং ১ দশমিক ৪ শতাংশ পিঠা বিক্রির সঙ্গে যুক্ত।
জরিপে দেখা যায়, নারী উদ্যোক্তাদের ৫৫ দশমিক ৭ শতাংশ বিবাহিত, ৩১ দশমিক ৪ শতাংশ বিধবা এবং ১১ দশমিক ৪ শতাংশ স্বামীর সঙ্গে আলাদা থাকেন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্য থেকে ৬০ জনকে নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক সহায়তার মাধ্যমে ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যাপক ড. ইশরাত শামীম বলেন, ২০২৫ সালের মে মাসে কারওয়ানবাজারের নারী ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে প্রকল্পটির প্রথম ধাপ শুরু হয়। এর মাধ্যমে তাঁদের নেতৃত্ব বিকাশ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সহায়ক ও নিরাপদ বাজার পরিবেশ তৈরির কাজ চলছে। এসব ব্যবসায়ীর ৩০ জন সন্তান ‘শিশুদের পাঠশালা’য় পড়াশোনার সুযোগ পাচ্ছে। এ জন্য শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে। প্রকল্পের দ্বিতীয় ধাপ চলতি বছরের আগস্টে শুরু হয়েছে।
তিনি বলেন, অনেকে নারী ব্যবসায়ীরা প্রকল্পের সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে তাঁরা আস্থা রেখেছেন। তাঁদের ব্যবসার সরঞ্জাম ও আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকি করা হচ্ছে।
প্রধান অতিথি মো. দেলোয়ার হোসেন তালুকদার বলেন, নারী ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন একটি শৃঙ্খলার মধ্যে এসেছেন। তাঁদের রাস্তা থেকে উচ্ছেদ করা হলে সিটি করপোরেশন ও বাজার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে কারওয়ানবাজারের খালি জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। নারীদের পিছিয়ে রেখে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মো. নাসির উদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ের নারী ব্যবসায়ীদের মূলধারায় যুক্ত করে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তাঁদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতায় যৌথভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।
অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন বলেন, নিজেদের উদ্যোগে ব্যবসা করে টিকে থাকার যে সিদ্ধান্ত নারীরা নিয়েছেন, সেটিই তাঁদের নেতৃত্বের পরিচয়। তবে ব্যবসা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সন্তানদের দেখাশোনাসহ নানা বাস্তব চ্যালেঞ্জ রয়েছে। পাশাপাশি সম্পত্তির অধিকার ও বিবাহবিচ্ছেদসংক্রান্ত আইনেও নারীরা বৈষম্যের মুখোমুখি হন। এসব বাধা দূর করতে আইন ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করার চেষ্টা চলছে।
কারওয়ানবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন খান বলেন, নারী ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে আবেদন করতে হবে। কারওয়ানবাজারের খালি জায়গায় তাঁদের ব্যবসার সুযোগ দেওয়া হলে নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে।
মুক্ত আলোচনায় নারী ব্যবসায়ীরা জানান, সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের কারণে তাঁরা অনিশ্চয়তায় রয়েছেন। তাঁদের উচ্ছেদ না করে টোকেনের মাধ্যমে নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়ার দাবি জানান তাঁরা। এতে ব্যবসা পরিচালনার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব হবে বলে মনে করেন তাঁরা।
নারী ক্ষুদ্র ব্যবসায়ী রুমা খান ও লাবণী আক্তার বলেন, আগে ৫০০ টাকার সবজি কিনে ভাগা করে রাস্তার পাশে বিক্রি করতেন। এখন তাঁদের ব্যবসার পরিধি বেড়ে এক হাজার টাকায় দাঁড়িয়েছে। কোনো সমস্যায় পড়লে বাজার ব্যবস্থাপনা কমিটিও সহযোগিতা করে।
প্রকল্পটিতে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।































