হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

- সর্বশেষ আপডেট ১২:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 107
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফসহ চারজনের রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই বর্তমানে পলাতক।
এর আগে গত ৭ অক্টোবর মামলাটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর যেকোনো দিন রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়েছিল।
গত ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। আসামিরা পলাতক থাকায় তাঁদের পক্ষে নিযুক্ত রাষ্ট্রীয় আইনজীবীরা ৭ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন করেন।
প্রসিকিউশন জানায়, গত ১০ জুন এ মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ নতুন করে কিছু অতিরিক্ত তথ্যপ্রমাণ দাখিল করায় পরবর্তী সময়ে প্রসিকিউশন ও আসামিপক্ষ আবারও যুক্তিতর্ক উপস্থাপন করে।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব-উল আলম হানিফ জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন দমনে সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন এবং অধীনস্থদের মাধ্যমে তা বাস্তবায়নে ভূমিকা রাখেন বলে তাঁদের অভিযোগ। তিনি একজন বেসামরিক রাজনৈতিক নেতা হিসেবে নির্দেশনা ও টেলিফোনে কথোপকথনের মাধ্যমে এসব কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন বলে দাবি করেন প্রসিকিউটর।
গাজী এম এইচ তামিম আরও বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমকে একই ধরনের অপরাধে ট্রাইব্যুনাল সর্বোচ্চ সাজা দিয়েছেন। একই অবস্থানে থেকে দলীয় সিদ্ধান্তে অংশ নেওয়ার কারণে হানিফের ক্ষেত্রেও একই ধরনের সাজা প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।
প্রসিকিউটরের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে উসকানি ও সহায়তার পাশাপাশি ওবায়দুল কাদেরের বিভিন্ন বৈঠকে উপস্থিত থেকে সমর্থন দিয়েছিলেন হানিফ। এ ছাড়া টেলিফোনে কথোপকথনের মাধ্যমে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি), জেলা ও উপজেলা পর্যায়ের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এসব কথোপকথনের রেকর্ড ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
































