সহকর্মীকে লাথি, বিপাকে বেনাপোলের যুগ্ম কমিশনার শরফুদ্দিন
- সর্বশেষ আপডেট ০১:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 73
বেনাপোল স্থলবন্দরে দায়িত্ব পালনকালে এক সহকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার-২ শরফুদ্দিন মিঞার বিরুদ্ধে। এ ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাঈন উদ্দিন আরমান।
রোববার (১১ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান বরাবর দেওয়া অভিযোগে তিনি দাবি করেন, গত ৮ অক্টোবর দাপ্তরিক দায়িত্ব পালনকালে তাঁকে বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে ডেকে পাঠান যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে একাধিক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
অভিযোগে বলা হয়, ঘটনার সময় কাস্টমস হাউস বেনাপোলের আইআরএম শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার তওফিকুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান এবং বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এর আগে, গত বৃহস্পতিবার ৪১ নম্বর শেডে পণ্য খালাসের সময় সহকারী রাজস্ব কর্মকর্তা আরমানকে লাথি মারার অভিযোগ ওঠে যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাস কার্যক্রম বন্ধ করে দেন। এতে প্রায় চার ঘণ্টা বেনাপোল স্থলবন্দরে পণ্য ছাড়করণ ব্যাহত হয়।
এ বিষয়ে অভিযুক্ত যুগ্ম কমিশনার-২ শরফুদ্দিন মিঞাকে ফোন করলে তিনি ধরেননি। বিষয়বস্তু উল্লেখ করে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি প্রতিউত্তর করেননি।

































