চরফ্যাশনে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা
- সর্বশেষ আপডেট ০৮:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 55
ভোলার চরফ্যাশনে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
চরফ্যাশন উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পূজার সময় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিশেষ নজরদারি থাকবে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পূজা উদ্যাপন কমিটির নেতারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্গোৎসব সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উপজেলা সূত্রে জানা গেছে, এ বছর চরফ্যাশন পৌরসভা ও ২০টি ইউনিয়নে মোট ১৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় পাঁচটি এবং বিভিন্ন ইউনিয়নে নয়টি পূজামণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকেরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
চরফ্যাশন শ্রীশ্রী কালীবাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের পুরোহিত দুলাল চন্দ্র গাঙ্গুলী জানান, এবার দেবী দুর্গা গজে (হাতিতে) চড়ে মর্ত্যে আগমন করবেন এবং দোলায় (পালকিতে) বিদায় নেবেন। তাঁর মতে, গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামল পৃথিবীর প্রতীক হিসেবে বিবেচিত হয়।
শ্রীশ্রী কালীবাড়ি পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র শীল জানান, দুর্গাপূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি বসবে বিভিন্ন পণ্যের মেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।






























