পঙ্গু হাসপাতালে সাংবাদিক হেনস্তা, ক্যামেরা ভাঙার চেষ্টা
- সর্বশেষ আপডেট ০৯:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 17
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তা ও ক্যামেরা ভাঙার চেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ অক্টোবর) হাসপাতালটিতে সংবাদ সংগ্রহের সময় স্টার নিউজের রিপোর্টার মো. সাহানুর ইসলাম ও ভিডিও জার্নালিস্ট কাজী জুয়েলের সঙ্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ‘অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়ে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব’—এমন একটি প্রতিবেদন তৈরির জন্য তারা হাসপাতালটিতে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় কর্তব্যরত কয়েকজন চিকিৎসক তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
একপর্যায়ে সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করা হয়। পরে আনসার সদস্যদের ডেকে সাংবাদিকদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
তবে তাৎক্ষণিকভাবে অভিযোগ ওঠা চিকিৎসকদের পরিচয় জানা যায়নি।
ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়েই তারা তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। তবে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের জানান, মৌখিক অনুমতি যথেষ্ট নয়; সংবাদ সংগ্রহের জন্য লিখিত অনুমতি প্রয়োজন।




























