নালিতাবাড়ীর মাদরাসায় নিয়োগে অনিয়ম, এমপিও কাটা

- সর্বশেষ আপডেট ০২:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 101
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুড়া নেছারিয়া দাখিল মাদরাসায় অফিস সহকারী পদে মো. মোবারক হোসেনের নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে তাঁর নাম এমপিওভুক্ত তালিকা থেকে কর্তন করা হয়েছে। নিয়োগসংক্রান্ত কাগজপত্র ও প্রক্রিয়া যাচাই করে অসঙ্গতি পাওয়ার পর মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদরাসাটির অফিস সহকারী মো. আবু বকর সিদ্দিক তাঁর পদ ও নিয়োগের বৈধতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগের পর বিষয়টি প্রশাসনিক তদন্তের আওতায় আসে।
তদন্তের সময় মোবারক হোসেনের নিয়োগসংক্রান্ত কাগজপত্র, রেজুলেশন, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য নথি যাচাই-বাছাই করা হয়। এতে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। পরে তদন্তের তথ্য ও নথিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর তাঁর নাম এমপিওভুক্ত তালিকা থেকে কর্তন করে।
অভিযোগকারী আবু বকর সিদ্দিকের দাবি, তিনি মাদরাসাটির বৈধ অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর অভিযোগ, মাদরাসার তৎকালীন সুপার মো. আব্দুস সামাদ; যিনি বর্তমানে কলসপাড় নঈমী দাখিল মাদরাসার সুপার—এমপিও কপিতে তাঁর পদ পরিবর্তন করে জুনিয়র শিক্ষক হিসেবে দেখান। পরে তাঁর পদে মোবারক হোসেনকে অফিস সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আবু বকর সিদ্দিক আরও দাবি করেন, ২০১৩ সালে তৎকালীন সহকারী সুপার মো. আব্দুস সামাদ মোবারক হোসেনকে অফিস সহকারী পদে নিয়োগ দেন। পরবর্তীতে ওই নিয়োগ নিয়ে তদন্ত হলে অনিয়মের বিষয়টি উঠে আসে। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার পর শেষ পর্যন্ত এমপিও তালিকা থেকে মোবারক হোসেনের নাম কর্তন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, অভিযোগটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে যাচাই-বাছাই করা হয়। তৎকালীন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির প্রশাসনিক উদ্যোগে তদন্ত কার্যক্রম এগিয়ে যায়। তদন্তে পাওয়া তথ্য ও নথিপত্রের ভিত্তিতেই পরবর্তী সময়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্ত নেয় বলে সূত্রটি জানায়।
এ বিষয়ে মো. মোবারক হোসেন ও তৎকালীন নিয়োগ সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।































