রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
- সর্বশেষ আপডেট ০৮:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 92
রাজধানীতে রাত থেকে রোববার দুপুর পর্যন্ত একাধিক স্থানে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময়ে পল্লবীতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন শাহবাগের তিন নেতার মাজারের সামনে মেট্রোরেল পিলার ৫২৭-এর নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টা থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
এর আগে রাত পৌনে ১১টার দিকে পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেও হাতবোমা বিস্ফোরণের কথা জানায় রেলওয়ে পুলিশ। এসব ঘটনায়ও হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া যাত্রাবাড়ী থানার বিপরীতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুর ও বাড্ডা এলাকায় গাড়িতে আগুন দেওয়া হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।
রোববার সকালে রাজধানীর পল্লবীর সিরামিক রোডে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে সকাল সাড়ে ৭টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
দুপুরে আবারও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রায় একই সময়ে হাইকোর্টের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, রাতে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে কোন ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এসব ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।




























