শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর চায় সরকার

- সর্বশেষ আপডেট ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 140
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের বাংলাদেশে হস্তান্তরকে ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের কর্মকাণ্ড তুলে ধরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে। একইভাবে ওবায়দুল কাদেরসহ অন্যদেরও কেন চাওয়া হবে না; এমন প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজ করতে এসব ব্যক্তিকে হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত।
তিনি বলেন, ‘আমি ভারত সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ শর্ত।’
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ভারত থেকে তাদের হস্তান্তরের প্রসঙ্গটি তুলে ধরেন তথ্য উপদেষ্টা।
ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, আলোচনার বিষয়গুলোর মধ্যে শেখ হাসিনা ও অন্যদের হস্তান্তরের বিষয়টিও ছিল। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন এবং দুই দেশের মধ্যে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে এসব বিষয় ভারতকে বিবেচনায় নেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।































