চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান
- সর্বশেষ আপডেট ০৭:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 15
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ভোলার চরফ্যাশনে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারা দেশে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চরফ্যাশন পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মুখার বান্দা, নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং রাস্তার পাশের বন-জঙ্গল পরিষ্কার করা হয়।
এ সময় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংসের পরামর্শ দেওয়া হয়।
পৌর প্রশাসক ও ইউএনও রুমানা আফরোজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি পানি জমে মশার প্রজননস্থল তৈরি হচ্ছে কি না, সেদিকেও নজর দিতে হবে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, বিএনসিসির সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।






























