এবার তাইজুল-মিরাজের আঘাত, চাপে অস্ট্রেলিয়া
- সর্বশেষ আপডেট ০১:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 10
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেও দারুণ বোলিং করছে বাংলাদেশ। হাসান মাহমুদের পর মার্নাস লাবুশেনকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। এরপর আঘাত হানে মেহেদী হাসান মিরাজ। ফলে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পর জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩৬রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে তুলেছে ৪২৬ রান। অর্থাৎ প্রথম ইনিংস শেষে ২২৮ রানের লিড পেয়েছে টাইগাররা।
শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। দিনের শুরু থেকে আরও ৭৫ রান যোগ করে ৪২৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে গুরুত্বপূর্ণ ৬৫ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই মিরাজকে ফিরিয়ে দেন জশ হ্যাজলউড। তার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। এ উইকেটের মাধ্যমে ইনিংসে নিজের পঞ্চম শিকার পূর্ণ করেন হ্যাজলউড। একই সঙ্গে টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ান এই পেসার। শেষ পর্যন্ত এবাদত হোসেনকে ফিরিয়ে ইনিংসে ৬ উইকেট নেন তিনি।
বাংলাদেশের ইনিংসে বড় অবদান ছিল একাধিক ব্যাটারের। তানজিদ হাসান তামিম তুলে নেন সেঞ্চুরি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৮৪ রান। এ ছাড়া মুমিনুল হক ৪৯, মুশফিকুর রহিম ৩৬ এবং মেহেদী হাসান মিরাজ ৬৫ রান করে দলের সংগ্রহকে চারশ ছাড়িয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০০৬ সালে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে ৪২৭ রান করেছিল বাংলাদেশ।
২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। শুরুতেই জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। তার গতি ও সুইংয়ে মাত্র ৩৭ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার জেক ওয়েদেরাল্ড ও ট্রাভিস হেড। ওয়েদেরাল্ড কোনো রান করতে পারেননি, আর হেড করেন ১৭ রান।
এরপর তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে দলীয় ৭৩ রানে সেই জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লাবুশেন। ৫৯ বল মোকাবিলা করে দুটি চারের সাহায্যে ৩১ রান করেন তিনি।
ফলে ১৩৬ রানেই ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া এখন বড় চাপের মধ্যে। বাংলাদেশের লক্ষ্য দ্রুত বাকি সাত উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেওয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে দুটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলেও জয় পায়নি বাংলাদেশ। ডারউইন টেস্টে সেই অপেক্ষার অবসান ঘটানোর বড় সুযোগ এখন টাইগারদের সামনে।































