মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

- সর্বশেষ আপডেট ০৪:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 278
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকায় একটি শহীদ মিনার থেকে শিহাব হোসেন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রকাশ্য স্থানে কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনারে শিহাবের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত শিহাব হোসেন জাগীর ইউনিয়নের মো. সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি মাছের দোকানে কাজ করত।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই দিন ধরে শিহাব রাতে এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিল। শনিবার রাতে খাবার খাওয়ার পর আবারও বাড়ি থেকে বেরিয়ে যায় সে। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, আগের মতোই সে বন্ধুর বাড়িতে রয়েছে।
তবে শিহাবের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়। তাদের অভিযোগ, শিহাবকে পরিকল্পিতভাবে হত্যা করে শহীদ মিনারে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


































