হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ জনে

- সর্বশেষ আপডেট ০৪:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 123
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৭৩৫ জনের।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫ জন। এর মধ্যে ৭৯ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৭৩৯ জন।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে আরও ৯৯৬ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫ হাজার ১৯৮ জন।




































