লক্ষ্মীপুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল তিন মর্টার শেল
- সর্বশেষ আপডেট ০৩:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 91
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাইপলাইন স্থাপনের জন্য মাটি খননের সময় তিনটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশের নিরাপত্তা দেয়ালসংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মর্টার শেলগুলো বর্তমানে রামগতি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন বসানোর জন্য কয়েকজন শ্রমিক মাটি খুঁড়ছিলেন। এ সময় তারা মাটির নিচে রকেটসদৃশ তিনটি বস্তু দেখতে পান। প্রথমে বিষয়টি বুঝতে না পেরে শ্রমিকরা বস্তুগুলোর ছবি তুলে আবার মাটিচাপা দিয়ে রাখেন।
পরে খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে এবং সতর্কতার সঙ্গে মর্টার শেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো মর্টার শেল বলে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী সেগুলো নিরাপদে থানায় সংরক্ষণ করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।































