হামে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু!

- সর্বশেষ আপডেট ০৮:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 147
দেশজুড়ে হামের ভয়াবহ থাবা আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। মাত্র ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও ৬ শিশুর। নতুন করে শত শত শিশু আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগেই ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ৮১৬ জনে পৌঁছেছে।
পরিসংখ্যান বলছে, মৃতদের মধ্যে ৭২১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে, আর ৯৫ জনের মৃত্যু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে।
শুধু মৃত্যুই নয়, আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬১৩ জনের মধ্যে দেখা গেছে হামের উপসর্গ। অর্থাৎ একদিনেই নতুন আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ৬৯১ জনে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৫ হাজার ২৭২ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।
হাসপাতালগুলোতেও বাড়ছে চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১ লাখ ৫ হাজার ২৯৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে— তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


































