ইরানের ওপর হামলার উৎসকে লক্ষ্যবস্তু করা হবে: আরাকচি

- সর্বশেষ আপডেট ০৪:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 243
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের উৎসকে পাল্টা প্রতিরোধমূলক ব্যবস্থার বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে দেশটির সশস্ত্র বাহিনী।
শুক্রবার কিরগিজস্তানের চোলপন-আতা শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসনে অংশগ্রহণ, সহযোগিতা বা সহায়তা করা হলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এর পরিণতির দায় নিতে হবে।
তিনি বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর ইরান আত্মরক্ষামূলক অবস্থান নিয়েছে এবং কোনো যুদ্ধের সূচনা করেনি।
আরাকচি অভিযোগ করেন, ইরানের বেসামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, অর্থনৈতিক কেন্দ্র ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিকে দুর্বল করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নিরাপত্তা বাইরের শক্তির উপস্থিতির মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়; বরং আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা, পারস্পরিক সম্মান ও যৌথ দায়িত্বের ভিত্তিতেই স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব।
গাজা ও লেবানন পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধ, মানবিক সহায়তার পথ খুলে দেওয়া এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থনের আহ্বান জানান।


































