বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙায় ৩৯ নাগরিকের নিন্দা

- সর্বশেষ আপডেট ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 172
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর নির্মাণাধীন ভাস্কর্য জেলা প্রশাসন কর্তৃক ভাঙ্গার চেষ্টার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ৩৯ বিশিষ্ট নাগরিক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছেন তারা।
বিবৃতিতে বলা হয়, “ ঝিনাইদহ কেন্দ্রিয় বাস টার্মিনাল সংলগ্ন সংযোগ সড়কের বেদিতে ঝিনাইদহের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণের কাজ অসম্পূর্ণ ছিল|
হঠাৎ করে একটি খোড়া অজুহাত দেখিয়ে কারও সাথে কোন আলোচনা না করে ভাস্কর্যটি ভাঙ্গার কাজ শুরু করে ঝিনাইদহ জেলা প্রশাসন। যা জনমনে গভীর ক্ষোভের সঞ্চার করেছে।
গত ৫ আগস্ট, ২০২৪ এর পর স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী নির্মাণাধীন এই ভাস্কর্যটিতে ভাংচুর করেছিল। তা সংস্কার না করে স্বাধীনতা যুদ্ধের সূর্য সন্তানদের মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নিয়ে এ ধরনের দায়িত্ব-জ্ঞানহীন ও চরম আপত্তিকর কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা জানাই। সরকারের তরফ থেকে বলা হয়েছে দুর্ঘটনা কমানোর জন্য এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
প্রশাসনের এই মনগড়া যুক্তিতে ঝিনাইদহের নাগরিক সমাজ, বিশেষ করে শহীদ পরিবারের সদস্যদের সাথে কোন আলোচনা না করে এ ধরণের কাজ মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে অসম্মান করার সামিল বলে আমরা মনে করি।
আমরা এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। সেইসাথে যথাযোগ্য মর্যাদায় ভাস্কর্যটি যথাস্থানে পুন:স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি। এছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাস্কর্য ভাঙ্গার যে সকল ঘটনা ঘটেছে তাও সংস্কার এবং পুন:স্থাপনের জোরালো দাবি জানাচ্ছি। আর যারা এই সব ন্যাক্কারজনক কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবারও জোর দাবি জানাচ্ছি।”
বিবৃতিতে স্বাক্ষর করেছেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আনু মোহাম্মদ, মানবাধিকার কর্মী ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, নারীপক্ষ’র সদস্য শিরীন পারভিন হক, টিআই-বি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আইন ও সালিস কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট জেড আই খান পান্না, আলোকচিত্রী ড. শহিদুল আলম, এএলআরডি’র নির্বাহী পরিচালক মসুল হুদা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।




































