দুদকের হাতে জিয়াউলের সম্পদ, দেশে ফিরছেন বেনজীর

- সর্বশেষ আপডেট ০৫:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 215
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে সম্পদের তালিকা তৈরি করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায়ও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সোমবার আদালতের নির্দেশনা অনুযায়ী দুদকের একটি দল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের আটতলা বাড়িতে ইনভেন্টরি কার্যক্রম শুরু করে। দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাড়ির আসবাবপত্র, মূল্যবান সামগ্রী, নথিপত্রসহ বিভিন্ন সম্পদের বিস্তারিত তালিকা করা হচ্ছে।
দুদক সূত্র জানিয়েছে, তালিকা প্রস্তুতের কাজ শেষ হলে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, তাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে প্রক্রিয়া শেষ হতে পারে।
বেনজীর আহমেদ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নেন। গত ১২ জুন দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে অর্থ আত্মসাতের একটি মামলায় তিনি সেখানে কারাগারে রয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুবাইয়ের মামলার নিষ্পত্তি না হলেও তাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে তা বাধা হবে না। দেশে ফিরিয়ে আনা হলে অর্থ আত্মসাৎ, প্রতারণা, জমি দখলসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে তাকে।



































