ভুয়া ঋণের ফাঁদে না পড়ার আহ্বান এডিবির

- সর্বশেষ আপডেট ০৪:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 178
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, সংস্থাটি কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো আর্থিক সহায়তা দেয় না। একই সঙ্গে আর্থিক সহায়তার কথা বলে কারও কাছ থেকে ব্যক্তিগত তথ্য, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা বা কোনো ধরনের অর্থ লেনদেনের অনুরোধও করে না।
এডিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতারকরা সংস্থাটির নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, পরিচয়পত্রসহ নানা ধরনের নকল নথি তৈরি করছে। এসব মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক নেই। কেউ এডিবির প্রতিনিধি পরিচয়ে ব্যক্তিগত পর্যায়ে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দিলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।
এ ধরনের প্রস্তাবে সাড়া না দিয়ে বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর পরামর্শ দিয়েছে এডিবি। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে তারা সরকার ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে।



































