জ্বালানি মজুতে সরকারের নতুন পরিকল্পনা

- সর্বশেষ আপডেট ০৩:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 173
দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে কৌশলগত জ্বালানি তেলের মজুত সক্ষমতা ২০২৭ সালের মধ্যে ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
বৈশ্বিক অস্থিরতার মধ্যেও শিল্প উৎপাদন ও অর্থনীতির স্বাভাবিক গতি বজায় রাখতে নতুন ডিপো নির্মাণ, ট্যাংক সংস্কার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত সংরক্ষণাগার ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমানে দেশে ৬০ দিনের বেশি জ্বালানি তেল মজুতের সক্ষমতা রয়েছে। বিপিসি জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এটি ৭১ দিনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর ধাপে ধাপে ২০২৭ সালের মধ্যে ৯০ দিনের কৌশলগত মজুত নিশ্চিত করা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জাতীয় জ্বালানি নীতিতে ৬০ দিনের মজুতের বিধান থাকলেও বর্তমান বাস্তবতায় তা ৯০ দিনে উন্নীত করার কাজ চলছে। তবে দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই।
সরকারের পরিকল্পনায় নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিদ্যমান সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ রেলওয়ে ও বিআরটিসিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অতিরিক্ত সংরক্ষণ ট্যাংক ভাড়ায় ব্যবহার এবং বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রের ট্যাংক সংস্কার করে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, বড় সরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় তিন মাসের জ্বালানি মজুত রাখলে নতুন প্রকল্প ছাড়াই দেশের সামগ্রিক মজুত সক্ষমতা আরও ১২ থেকে ১৩ দিন বাড়ানো সম্ভব।
মজুত সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে দিনাজপুরের পার্বতীপুর ডিপো চালু হয়েছে, যার ফলে উত্তরাঞ্চলে অতিরিক্ত ২৮ হাজার ৪৩৭ টন সংরক্ষণ সক্ষমতা যুক্ত হয়েছে। এছাড়া পার্বতীপুর ও কুমিল্লায় নতুন ডিপো নির্মাণ, নারায়ণগঞ্জ, ভৈরব ও অন্যান্য স্থানে নতুন ট্যাংক নির্মাণ এবং কেরোসিন ও জেট ফুয়েলের উদ্বৃত্ত ট্যাংক ডিজেল সংরক্ষণের উপযোগী করার কাজ চলছে।

































