করদাতাদের জন্য এনবিআরের বিশেষ বার্তা

- সর্বশেষ আপডেট ০৫:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 187
কর নথি (ফাইল) অডিটের নামে প্রতারণা বেড়ে যাওয়ায় করদাতাদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, একটি চক্র অডিট থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে।
আরও পড়তে পারেন
রোববার (৫ জুলাই) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, প্রতারকরা বিভিন্ন ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে করদাতাদের ফোন করে দাবি করছে যে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এরপর অডিট এড়ানোর আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হচ্ছে।
এনবিআর স্পষ্ট করেছে, কর নথি অডিটের বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতার সঙ্গে যোগাযোগ করেন না। কোনো করদাতা অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর-সংক্রান্ত সব ধরনের কর, ফি বা বকেয়া অর্থ শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে বা বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ব্যাংকিং কিংবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ নেওয়ার অধিকার রাখেন না।
এ ধরনের ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর।
এ ছাড়া, এনবিআরের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে।
প্রতারকদের ভয়ভীতি বা প্রলোভনে বিভ্রান্ত হয়ে কোনো অবস্থাতেই ব্যক্তিগতভাবে অর্থ লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965



































