আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা
- সর্বশেষ আপডেট ০৬:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 26
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে পুরান ঢাকার বিভিন্ন সড়কে কয়েক দফায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল নির্বিঘ্ন ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে বিশেষ ট্রাফিক পরিকল্পনা ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মিছিল শেষ হওয়া পর্যন্ত পুরান ঢাকার লালবাগ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত বা সাময়িকভাবে বন্ধ থাকবে। মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে বকশীবাজার, চকবাজার, বেগমবাজার, নাজিমুদ্দিন রোড ও চাঁনখারপুলসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমামবাড়ায় ফিরে আসবে।
এ ছাড়া বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত একই এলাকার কয়েকটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। মিছিলের রুটে নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার সড়ক, চকবাজার ও বকশীবাজার এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক অন্তর্ভুক্ত রয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে আরও বৃহৎ পরিসরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ সময় হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নিউমার্কেট, ঢাকা কলেজ, সাইন্সল্যাব, ধানমন্ডি ও ঝিগাতলা এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, মিছিল চলাকালে সংশ্লিষ্ট সড়কগুলোতে সাময়িক যানজটের সৃষ্টি হতে পারে। তাই নগরবাসীকে বিকল্প পথ ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সদস্যদের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

































