চিরবিদায় নিলেন কবি আল মুজাহিদী
- সর্বশেষ আপডেট ০৬:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 20
মৃত্তিকার কবিখ্যাত একুশে পদকপ্রাপ্ত আল মুজাহিদী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
কবির মৃত্যুসংবাদ নিশ্চিত করে তার পুত্র শাবিব আল মুজাহিদী জানান, গত বুধবার তার বাবাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে দুইবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সেই সঙ্গে ছিল ব্লাড ইনফেকশন ও কিডনি সমস্যা।
তিনি জানান, আজ দুপুর ১টার দিকে আবারও কবির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর তাকে শক থেরাপি দেওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি।
জানা গেছে, আগামীকাল শনিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে কবির মরদেহ। এরপর বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন আল মুজাহিদী। তিনি ছিলেন ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম একজন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তিনি কবিতা ছাড়াও উপন্যাস, নাটক এবং প্রবন্ধ রচনা করেছেন।
বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০০৩ সালে একুশে পদকে ভূষিত হন কবি আল মুজাহিদী।




































